ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ভয়াবহ যানজটে কার্যত স্থবির হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আশাড়িয়ারচর থেকে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রী, চালক ও রোগীবাহী অ্যাম্বুলেন্সের যাত্রীরা।
এই যানজটের মধ্যে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে এক রোগীর মৃত্যুকে ঘিরে। আমিরুন্নেছা নামে এক হৃদরোগীকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর থেকে ঢাকায় নেওয়ার পথে তাঁর অ্যাম্বুলেন্স দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে। প্রায় চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর অ্যাম্বুলেন্সের ভেতরেই তাঁর মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছেন।
নিহতের স্বজন তারেক আল হাসান জানান, শুক্রবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাত ৮টার দিকে আমিরুন্নেছাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা করা হয়। রাত ১১টার দিকে অ্যাম্বুলেন্সটি কুমিল্লার দাউদকান্দি এলাকায় পৌঁছালে তীব্র যানজটের কারণে আর সামনে এগোতে পারেনি। দীর্ঘ সময় আটকে থাকার পর রাত ৩টার দিকে অ্যাম্বুলেন্সের ভেতরেই আমিরুন্নেছার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে সোনারগাঁয়ের আশাড়িয়ারচরে ঢাকাগামী লেনে সংস্কারকাজ শুরু হওয়ার পর থেকেই যানজটের সূত্রপাত। সময় বাড়ার সঙ্গে সঙ্গে যানজট ছড়িয়ে পড়ে মহাসড়কের দীর্ঘ এলাকায়। শনিবার সকাল পর্যন্ত পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।
এদিকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। প্রচণ্ড গরমে নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ আরও বেড়েছে। চট্টগ্রাম থেকে বাগেরহাটগামী একটি বাসের যাত্রীরা জানান, রাত আড়াইটার দিকে দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় আটকা পড়ার পর সকাল ৮টা পর্যন্ত তারা মাত্র প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করতে পেরেছেন।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, যানজট নিরসন এবং আটকে থাকা যানবাহনগুলো স্বাভাবিকভাবে চলাচলের ব্যবস্থা করতে পুলিশ সদস্যরা কাজ করছেন।
পরিবহনসংশ্লিষ্টরা অভিযোগ করেছেন, ব্যস্ততম এই মহাসড়কে সংস্কারকাজ শুরুর আগে যানজট নিয়ন্ত্রণে পর্যাপ্ত ও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বিশেষ করে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলের জন্য আলাদা ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে।
একটি অ্যাম্বুলেন্স, একজন মুমূর্ষু রোগী—আর সামনে থমকে থাকা হাজারো গাড়ি। হাসপাতালের উদ্দেশে ছুটে চলা সেই অ্যাম্বুলেন্স শেষ পর্যন্ত পৌঁছাতে পারেনি গন্তব্যে। দীর্ঘ যানজটের মধ্যেই থেমে গেল একটি প্রাণ।