ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গরু চোরাচালানের সময় দুই ভারতীয় নাগরিককে আটক করার পর বাংলাদেশ সীমান্তে গুলি করে ফেলে দিয়েছে।
রোববার (৪ অক্টোবর) মধ্যরাতে কুড়িগ্রামের দই খাওয়া সীমান্তে তাদের ফেলে দেওয়া হয়।
পরে আহত দুই ভারতীয় নাগরিককে তাদের বাংলাদেশি সহযোগীরা উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে ডিবি তাদের আটক করে। পরে পুলিশের হেফাজতে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
গুলিবিদ্ধ দুজনের মধ্যে আব্দুল আলীম ও ইসমাইল হোসেন রয়েছেন। তারা ভারতের আসাম রাজ্যের সুখচর থানার দক্ষিণ সালমারা মাইনকার চর বড়বালু এলাকার বাসিন্দা আব্দুল মজিদ মন্ডল ও মৃত আব্দুল করিম শেখের সন্তান। চিকিৎসকরা জানিয়েছেন, আব্দুল আলীমের অবস্থা আশঙ্কাজনক।