ফেনীতে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভার উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
'ভালোর সাথে, আলোর পথে' স্লোগানে দৈনিক প্রথম আলো ফেনী বন্ধুসভার পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা উপহার হিসেবে পেয়েছে খাতা, কলম ও জ্যামিতি বক্স। সোমবার দুপুরে ফেনী সদর উপজেলার ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণি কক্ষে এমন আয়োজন করা হয়।
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভার "একটি ভালো কাজ " কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন বন্ধুসভার উপদেষ্টা, ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাহী সদস্য কামরুল জামান মজুমদার। বক্তব্য রাখেন ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা আক্তার ভানু, সহকারী শিক্ষক সিরাজুল করিম ভূঁইয়া।
কামরুল জামান মজুমদার বলেন, "শিক্ষা জাতীর মেরুদণ্ড।শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনা করতে হবে। শিশু বয়সে তাদের মোবাইলে আসক্ত হতে দেয়া যাবে না। প্রথম আলো অন্যান্য ভালো কাজের সাথে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে সবসময় দাঁড়ায়। তারই ফলশ্রুতিতে আজকের আয়োজন। আজকের বিতরণকৃত এই উপকরণগুলো দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করবে।"
ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা আক্তার ভানু বলেন, "পড়ালিখার পাশাপাশি সামাজিক কাজে অংশগ্রহণ শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহায়তা করে। প্রথম আলো অতিতেও আমাদের স্কুলের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কর্মসূচি করেছে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য প্রথম আলোর কাছে আমরা কৃতজ্ঞ। আমরা আশা করছি আগামীতেও তাঁরা এমন ধারা অব্যাহত রাখবে।'
উপহার পেয়ে উচ্ছাসিত হয়েছেন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তানজিলা ইয়াসমিন। সে বলেন, "আমার জ্যামিতি বক্স না থাকায় গত পরীক্ষায় জ্যামিতিতে পুরো নাম্বার পাইনি। আপনাদের উপহার আমার অনেক উপকার হলো। সামনের পরীক্ষায় জ্যামিতি করায় আর সমস্যা হবে না। আশা করছি আমি জ্যামিতিতে ভালো নাম্বার পাব।"
নতুন খাতা পেয়ে চেখে পানি চলে আসে তৃতীয় শ্রেণির দরিদ্র শিক্ষার্থী আইয়ুশ বর্ধন এর। সে বলেন, "আমার বাবা মুরগীর খামারে কাজ করে। অতিরিক্ত খাতা না থাকায় বন্ধের দিনে বাড়িরকাজ (হোম ওয়ার্ক) শেষ করতে পারিনি। নতুন খাতায় এবার নিয়মিত বাড়িরকাজ শেষ করেতে পারবো।"
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব ও সঞ্চালনা করেন মো. ইব্রাহিম ও সাধারণ সম্পাদক দিপংকর রায় চৌধুরী। অনুষ্ঠানে বন্ধুসভার যুগ্ন সম্পাদক মো. রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন ভূঁইয়া, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আবুল হাসান শাহীন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক অর্ণব রায় চৌধুরী, বন্ধুসভার সদস্য আবদুল্লাহ মোহাম্মদ সাইমুম সহ অন্যান্য বন্ধুরা উপস্থিত ছিলেন।