মানবতার সেবায় আরেকটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে ফেনীর ছাগলনাইয়া উপজেলার বক্সি ভুইয়া পাড়া সামাজিক ও মানবিক সংগঠন কিশোর কুড়ি সংঘ। সংগঠনটির উদ্যোগে চট্টগ্রামের বন্যাকবলিত অসহায় মানুষের জন্য খাদ্যসামগ্রী ও জরুরি প্রয়োজনীয় উপহার নিয়ে একটি স্বেচ্ছাসেবক দল দুর্গত এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।
সংগঠনের সদস্যরা জানান, সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হাজারো পরিবার চরম দুর্ভোগে পড়েছে। সেই কষ্ট লাঘবে নিজেদের সামর্থ্য অনুযায়ী মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
তারা আরও বলেন, মানবতার ডাকে সাড়া দিয়ে সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে কিশোর কুড়ি সংঘ।
স্থানীয় সচেতন মহল সংগঠনটির এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তরুণদের এমন মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে এবং অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।