বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক প্রধানমন্ত্রীর এ আশ্বাসের কথা জানান।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রায় তিন ঘণ্টার এ সভায় দেশের শীর্ষ ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতারা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যবসায়ী নেতারা।
ফজলুল হক বলেন, জ্বালানি সংকটে সমাজের প্রায় সব স্তরের মানুষ কমবেশি ভোগান্তিতে ছিলেন। গ্যাস ও বিদ্যুতের সংকট দেখা দেওয়ার আগের পরিস্থিতিতে আগামীকাল রাত থেকে ফিরে যাওয়া সম্ভব হবে বলে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন।
তিনি আরও জানান, বৈঠকে ভবিষ্যতে দেশে কীভাবে বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন বাড়ানো হবে, সে বিষয়ে একটি সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এ পরিকল্পনার মাধ্যমে বর্তমান সংকট মোকাবিলার পাশাপাশি শিল্পের সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের প্রয়োজনীয়তাও পূরণ করা সম্ভব হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের বাস্তবায়ন পরিকল্পনা নিয়েও ব্যবসায়ী প্রতিনিধিরা আশ্বস্ত হয়েছেন বলে জানান এফবিসিসিআই প্রশাসক।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, বৈঠকে কর্মসংস্থান, শিল্পায়ন, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও খনিজ সম্পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাস খাতের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরেন।