রাঙামাটিতে তিন হাজার পিস ইয়াবাসহ গণ অধিকার পরিষদের এক নেতাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে শহরের মারী স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে রাত ১১টার দিকে কোতোয়ালি থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ।
গ্রেপ্তার গণ অধিকার পরিষদের নেতার নাম জলমনি চাকমা (৪৯)। তিনি সংগঠনটির জেলা শাখার সহসভাপতি। গ্রেপ্তার অন্যজন হলেন বিলাইছড়ি উপজেলার ২ নম্বর ওয়ার্ডের ধোপ্পাছড়ি এলাকার বাসিন্দা বাবু তঞ্চঙ্গ্যা (৩৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মারী স্টেডিয়াম এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার দুই ব্যক্তি ওই এলাকায় ইয়াবা বিক্রি করতে এসেছিলেন। পরে তাঁদের তল্লাশি করে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকেন্দার ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে গণ অধিকার পরিষদ রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক ওহাদুজ্জামান এশিয়া পোস্টকে বলেন, বিষয়টি আমরা শুনেছি এবং সভাপতির সঙ্গে আলোচনা করেছি। একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।