ফেনীতে পুলিশের বিশেষ অভিযান: ডাকাত-মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২২

নির্ভীক ডেক্স
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী এবং আন্তঃজেলা কাভার্ড ভ্যানের মালামাল চুরি চক্রের সদস্যসহ বিভিন্ন মামলার ২২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযানে তিনজন ডাকাত, একজন ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী এবং আন্তঃজেলা কাভার্ড ভ্যানের মালামাল চুরি চক্রের এক সদস্যসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।

অভিযানের অংশ হিসেবে কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া প্রায় ৩৮ লাখ ৯৬ হাজার টাকা মূল্যের অ্যালুমিনিয়াম ওয়্যার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, চট্টগ্রাম থেকে গাজীপুর যাওয়ার পথে একটি কাভার্ড ভ্যান থেকে এক প্যাকেজ অ্যালুমিনিয়াম ওয়্যার আত্মসাৎ করা হয়। পরে অভিযান চালিয়ে ফেনীর একটি খামার থেকে ৩৬টি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ১ হাজার ৯৫০ কেজি ৯.৫ এমএম অ্যালুমিনিয়াম ওয়্যার উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩৮ লাখ টাকা।

এ ঘটনায় ফেনী মডেল থানায় দণ্ডবিধির ৪০৭, ৪২০ ও ৩৮০ ধারায় মামলা করা হয়েছে। একই অভিযানে ডাকাতির প্রস্তুতি ও ডাকাতির সরঞ্জামসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ডাকাতি ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।

এ ছাড়া মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত আরও ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ফেনী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন মাদক স্পটে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত