ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৫২ লাখ ৯১ হাজার টাকা।
বুধবার (৯ সেপ্টেম্বর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এ তথ্য নিশ্চিত করেন
বিজিবির সূত্র মতে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে ফেনী ব্যাটালিয়ন। তারই ধারাবাহিকতায় পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে ভারতীয় গাঁজা, বিভিন্ন ধরনের শাড়ি, কামিজ, ফেসওয়াশ, বিস্কুট ও চকলেটসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়।
জব্দ করা চোরাচালান পণ্য পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় কাস্টমস অফিসে এবং মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সবসময় সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।