পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।
শীর্ষ পর্যায়ে বড় পরিবর্তন পুলিশের এই রদবদলে ময়মনসিংহ রেঞ্জ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে। ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে সিআইডির ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে।
অন্যদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি সারোয়ার মোর্শেদ শামীমকে এসএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়াও সিআইডির ডিআইজি মাসুদ করিমের একটি পূর্ববর্তী বদলি আদেশ বাতিল করা হয়েছে।
র্যাব ও সদর দপ্তরে নতুন পদায়ন র্যাব এবং পুলিশ সদর দপ্তরেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার শরীফ উদ্দিন আহমেদকে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে র্যাবে পদায়ন করা হয়েছে।