ফেনীর ছাগলনাইয়ায় আলোচিত জুবায়ের পারভেজ হত্যা মামলার ১ নম্বর প্রধান এজাহারভুক্ত পলাতক আসামি মো. মামুনুর রশিদ মামুন (২৮)-কে ঢাকার লালবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৯ জুলাই ২০২৬ সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেনের নেতৃত্বে র্যাব-১০, সিপিএসসি, লালবাগের একটি বিশেষ আভিযানিক দলের সহায়তায় ঢাকা মহানগরীর লালবাগ থানাধীন হারপট্টি আশা হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মামুনুর রশিদ মামুন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ১০ নম্বর গোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. সাদেক মিয়া এবং মাতার নাম নুর বানু।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত জুবায়ের পারভেজ (৩২) পেশায় একজন মাছ চাষি ছিলেন। পৈত্রিক পুকুরে মাছ চাষ ও দেখাশোনা এবং মোবাইল ফোনকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। গত ২৭ জুন ২০২৬ রাত আনুমানিক ২টা থেকে সকাল ৬টার মধ্যে প্রধান আসামি মামুনুর রশিদ মামুন ও অপর আসামি শাহাদাত হোসেন জুবায়েরকে তার নিজ ঘর থেকে ডেকে নিয়ে যান।
অভিযোগ অনুযায়ী, পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে জুবায়েরের মাথা, ঘাড়, পিঠ, পেট ও পায়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করা হয়। পরে তার মরদেহ উলঙ্গ অবস্থায় ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকার রফিক মিয়ার ঘরের সামনের রাস্তায় ফেলে রেখে আসামিরা পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের বাবা মো. আবু তাহের (৭০) বাদী হয়ে ছাগলনাইয়া থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে প্রধান আসামি মামুন দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে ঢাকায় আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেন বলেন, র্যাব-১০-এর সহযোগিতায় গ্রেফতার হওয়া প্রধান আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হচ্ছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মামলার তদন্ত ও পলাতক আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে।