ফেনীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ট্রাকচাপায় এবং অন্যজন বাসচাপায় নিহত হয়েছেন। বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সোনাগাজী উপজেলার বক্তারমুন্সি সমপুর গ্রামের ডাক্তার বাড়ির আবু তৈয়বের ছেলে ইকবাল হোসেন ওরফে জিসান (২৩) এবং সোনাপুর গ্রামের আবদুস সামাদের ছেলে মোহাম্মদ জুয়েল মাতাব্বর (৩২)।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ইকবাল হোসেন মোটরসাইকেল নিয়ে চট্টগ্রাম থেকে ফেনী শহরের দিকে যাচ্ছিলেন। পথে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল এলাকার সুলতান পাম্পের বিপরীতে চৌধুরীপাড়া রাস্তার মুখে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইকবালের মৃত্যু হয়।
একই দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা জিহানুল ইসলাম (২৩) নামের আরও এক আরোহী আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ছনুয়া এলাকায় মহাসড়ক পারাপারের সময় একটি বাস মোহাম্মদ জুয়েল মাতাব্বরকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত জুয়েল পেশায় টাইলসের মিস্ত্রি ছিলেন।
এ বিষয়ে ফাজিলপুর হাইওয়ে থানার চার্জ অফিসার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম বলেন, “নিহত ইকবাল হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া জুয়েল মাতাব্বরের মৃত্যুর বিষয়টি মৌখিকভাবে জেনেছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”