এখানে একটি ছবি দেয়া আছে | ছবি: সংগ্রহীত
ময়মনসিংহের ত্রিশালে বালুমহালে অভিযান চালাতে গিয়ে ইজারাদারের এক কর্মচারীকে মারধর করার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীর বিরুদ্ধে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজার এলাকার কুলুরবাড়ি বালুমহালে এ ঘটনা ঘটে। ইজারাদার প্রতিষ্ঠান ‘সৃষ্টি এন্টারপ্রাইজের’ বালু বিক্রির পয়েন্টে ইউএনওর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আনসার ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযানের একপর্যায়ে ইজারাদারের কাছে বালুমহালের কাগজপত্র দেখতে চান ইউএনও। এ সময় সৃষ্টি এন্টারপ্রাইজের ব্যবস্থাপক সারোয়ার জাহান ওরফে বাচ্চু অভিযানে আসা ব্যক্তিদের পরিচয় জানতে চান। কিছুক্ষণ কথাকাটাকাটির পর ইউএনও তাকে পরপর দুটি থাপ্পড় দেন। পরবর্তীতে র্যাবের এক সদস্য সারোয়ারকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ইউএনও ওই সদস্যের হাত থেকে লাঠি নিয়ে সারোয়ারকে একাধিকবার আঘাত করেন। এ সময় পাশে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান তাকে থামানোর চেষ্টা করেন। ইজারাদারপক্ষের ভাষ্য, সরকারি কর্মকর্তা কি না নিশ্চিত হতে পরিচয় জানতে চাওয়ায় সারোয়ারকে মারধর করা হয়। পরে তাকে র্যাবের গাড়িতে করে ত্রিশালের ধলা এলাকায় নিয়ে ছেড়ে দেওয়া হলে স্বজনেরা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।