| ছবি: গাছ বিতরণের
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করতে নিরাপদ সড়ক চাই (নিসা) দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও ফলজ গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টায় গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকার পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ এবং দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ প্রেমদাস রায়। তারা নিরাপদ সড়ক আন্দোলনের পাশাপাশি পরিবেশ রক্ষায় নিসচার এ উদ্যোগের প্রশংসা করেন এবং সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। নিসচা দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আবুল হাসান ফারুক। এসময় আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট নাজমুল হাসান, জেলা ট্রাফিক পুলিশের টিএসআই মো. সুমন, নিসচার মহিলা বিষয়ক সম্পাদক মোসা. শেলিনা আক্তার, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক আহনাফ তিহামী, কার্যনির্বাহী সদস্য মো. ফয়সাল সিকদার, সাংবাদিক আল-রোকন, মেহেদী হাসান, রাজিব হোসেন জয়সহ নিসচার নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। অনুষ্ঠানে নিসচা দাউদকান্দি উপজেলা শাখার সহ-সভাপতি মো. শাহা জালালের ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে আম, জাম, কাঁঠাল, পেয়ারা ও জলপাইসহ বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা ও নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করা হবে।