১ সেপ্টেম্বর ২০২৬ (বাসস): ফেনীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দলের প্রয়াত নেতা ও জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। শহরের মিড টাউন রেস্টুরেন্টে জেলা বিএনপির আয়োজনে আজ দুপুরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। অধ্যাপক জয়নাল আবেদীন এমপি বলেন, বেগম খালেদা জিয়া আমাকে ২০০১ সালে নমিনেশন দিয়েছিলেন। আমি এমপি নির্বাচিত হয়েছিলাম। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত এমপি ছিলাম৷ আমি তখন ফেনীর উন্নয়নে কাজ করেছি। ফেনী শহরকেও সাজিয়েছি। আমি দোকানপাট ভেঙে সড়ক প্রশস্ত করেছি। জহিরিয়া মসজিদ ও বড় মসজিদের দোকানও ভেঙে ফেলেছি। জীবনে কারো ক্ষতি করি নাই। পরে ২০০৯ এ আপনাদের ভোটেই আমি আবার এমপি নির্বাচিত হয়েছিলাম।’ তিনি বলেন,‘ইতোমধ্যে মাদক ব্যবসা বেড়েছে। অনেককে আমরা ধরেছি। আরো অনেককে ধরা হচ্ছে। যারা মাদক ব্যবসায় জড়িত এবং চোর-ডাকাত, তাদের ধরে পুলিশে সোপর্দ করুন।’ জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, গাজী হাবিবউল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী,সদর উপজেলার আহ্বায়ক ফজলুর রহমান বকুল ও সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা যুবদলের সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন,কৃষক দলের জেলা সভাপতি জসিম উদ্দিন, মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজি ও জেলা তাঁতী দলের সভাপতি সরোয়ার জাহান শ্রাবণ।