ছবি দেয়া আছে
বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি করা বিভিন্ন দেশের (জিটুজি) ১০টি কোম্পানির কাছ থেকে ১৬ লাখ টন জ্বালানি তেল কিনবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বর্তমান আন্তর্জাতিক বাজার মূল্য অনুযায়ী এই তেলের দাম পড়বে প্রায় ১৬৫ কোটি ডলার বা প্রায় ২০ হাজার কোটি টাকার মতো। এই তেল কেনার দাম নিয়ে সমঝোতা করতে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের নেতৃত্বে বড় একটি দল আগামী ২০ জুন সিঙ্গাপুরে যাচ্ছেন। সরকারি সূত্র জানায়, জিটুজি ভিত্তিতে তেল ক্রয়ের দাম সমঝোতা করতে এবারই প্রথম কোনো জ্বালানিমন্ত্রী দেশের বাইরে যাচ্ছেন। সাধারণত জ্বালানি সচিব পর্যায়ের দল এই সমঝোতায় বিদেশ যান। এ ব্যাপারে জানতে বারবার চেষ্টা করেও জ্বালানিমন্ত্রীর বক্তব্য পাওয়া যায়নি।